
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের কোম শহরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির বিমানবাহিনী এই হামলা পরিচালনা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, হামলার লক্ষ্য ছিল একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, যেখান থেকে ইসরায়েলের দিকে হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে তাদের দাবি। হামলায় ওই উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর আরেক মুখপাত্র অবিচাই আদ্রাই জানান, ইসরায়েলের বিমানবাহিনী ইরানের ইসফাহান শহরে একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
তিনি বলেন, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং অঞ্চলটির আকাশসীমায় ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণ করা।
তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তথ্য সূত্র: আল-জাজিরা।
আপনার মতামত লিখুন :