ব্রেকিং নিউজ :

নড়াইল-২ আসনে বিএনপির মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে অনশন ও মশাল মিছিল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন | ৪১৯
নড়াইল-২ আসনে বিএনপির মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে অনশন ও মশাল মিছিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনবর্হালের দাবিতে আমরন অনশন ও সন্ধায় মশাল মিছিল করেছে মনিরুল ইসলামের অনুসারীরা। গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির চত্বরে শহীদ মিনারে প্রাঙ্গনে আমরন অনশন শুরু করেছেন।

সরেজমিনে জেলা শিল্পকলা একাডেমির সামনে কেদ্রীয় শহিদ মিনারে গিয়ে দেখা যায়,‘নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানার নেতৃত্বে এ আমরন অনশন শুরু করেন। প্রথমে ৪ জন অনশন শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে অর্ধশতাধিক সমর্থক এ অনশনে যোগ দেন। প্রচন্ড শীতে আমরন অনশনে থাকা ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের চিকিৎসা দেয়া হয়। অসুস্থ ২জনকে স্যালাইন দেয়া হয়েছে। অনশন কর্মসূচি’র খবর পেয়ে রাতেই মনিরুল ইসলাম সেখানে ছুটে যান। এসময় অনশনরতদের পানি এবং শরবত খাইয়ে অনশন ভাঙতে অনুরোধ করলেও তারা সরে যাননি।

নড়াইল সদর থানা মহিলা দলের সহ-সভানেত্রী শিরিন সুলতানাসহ সকলে দাবি করেন,‘দীর্ঘদিন ধরে মনিরুল ইসলাম দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন। তার জনপ্রিয়তা রয়েছে অথচ তাঁকে মনোনয়ন দিয়ে আবার তা পরিবর্তন করে অন্য একজনকে দেওয়া হয়েছে, এটা আমরা মানতে পারছি না। তারা মনিরুল ইসলামের মনোনয়ন ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

গতকাল শনিবার সন্ধ্যায় একই দাবিতে মশাল মিছিলের আয়োজন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সমর্থক নেতাকর্মীরা।মিছিলটি নড়াইল চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।

নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ মোস্তাফিজুর রহমান আলেক, সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু,সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেলসহ নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন।

উল্লেখ্য,গত বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপিতে যোগ দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ। বিএনপিতে যোগদান করেই তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

এর আগে গত ৪ ডিসেম্বর এই আসনে প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার ২০দিন পর নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেন দলটি।