PathokBarta Logo
Feature Image

৪৩৫২ দিন পর বিশ্বকাপে জিতল নেপাল

জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করল নেপাল। স্কটল্যান্ডকে ৭ উইকেট হারিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে ১২ বছর পর জিতেছে দলটি।

নেপাল টি-টুয়েন্টি বিশ্বকাপে জিতেছে আরও দুই ম্যাচে, ২০১৪ বিশ্বকাপে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে। দিনের হিসাবে ৪৩৫২ দিন পর জিতেছে তারা। দুই জয়ের মধ্যে এত দিনের পার্থক্য নেই আর কোনো দলের।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টসে হেরে ব্যাটিং করতে নামা স্কটল্যান্ড তুলেছিল ১৭০ রান। সেই রান নেপাল তাড়া করেছে ১৯.২ ওভারে। দলটির হয়ে ২৩ বলে ফিফটি করে ম্যাচসেরা হয়েছেন দীপেন্দ্র সিং ঐরী।

নেপালের এই জয়টি তাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হবে সেটিই স্বাভাবিক। একে তো বিশ্বকাপে জেতা সব সময়ই ‘স্পেশাল’। সঙ্গে টানা দুই টি-টুয়েন্টি বিশ্বকাপে জয়ের কাছাকাছি গিয়েই জয় পাওয়া হচ্ছিল না নেপালের। গত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১ রানে হারের পর দলটি এবার ইংল্যান্ডের বিপক্ষে ৪ রানে হেরে গিয়েছিল।

আজ শেষ ৫ ওভারে তাদের সামনে সমীকরণ ছিল ৫৯ রানের। তখন মনে হচ্ছিল এই ম্যাচটিও কাছে গিয়েই হারতে পারে দলটি। তবে ২০২৪ সালে ৬ বলে ৬ ছক্কা মারা দীপেন্দ্র আজ সব সমীকরণ পাল্টে দেন। ইনিংসের ১৬তম ওভারে মাইকেল লিসকের বলে মারেন দুই ছক্কা ও এক চার।

সব মিলিয়ে তিনি ও গুলশান ঝা মিলে তোলেন ২০ রান। অথচ বোলিং কোটার আগের তিন ওভারে মাত্র ১০ দিয়েছিলেন ডানহাতি স্পিনার লিসক। এই ওভার থেকে ঝড় তুলে সেটি শেষ পর্যন্ত টেনে নেন দুজন। ২৩ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন তিনি, গুলশান অপরাজিত ছিলেন ১৭ বলে ২৪ রানে।

এর আগে স্কটল্যান্ড ১৭০ রান তোলে ওপেনার মাইকেল জোনসের ৭১ রানের ইনিংসে।

তারিখ: 17 Feb 2026 | সময়: 23:44