PathokBarta Logo
Feature Image

হামলা না করলে দুই সপ্তাহের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্র পেয়ে যেত: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চালানো না হলে দেশটি খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেতে পারত। তার দাবি, যুক্তরাষ্ট্র যদি দুই সপ্তাহের মধ্যে পদক্ষেপ না নিত, তাহলে ইরান একটি পারমাণবিক বোমা তৈরি করে ফেলত।

হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, যদি আমরা দুই সপ্তাহের মধ্যে হামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। পাগলাটে মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটতে বাধ্য।

তবে ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।

এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা International Atomic Energy Agency (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, সংস্থাটি এখনো নিশ্চিত করে বলতে পারছে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে কি না।

তিনি আরও জানান, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে অস্ত্র তৈরির কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং আন্তর্জাতিক পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়ায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত নিশ্চিত করেনি ইরান সরকার।

তারিখ: 05 Mar 2026 | সময়: 13:53