নড়াইলে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৫২) এবং অ্যাম্বুলেন্সচালক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূর্ব চরকলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে আকবর হোসেন (২৮)।
জানা গেছে, যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের ইসমাইল হোসেন (৬৫) বার্ধক্যজনিত কারণে ঢাকায় মৃত্যুবরণ করেন। বুধবার ভোরে তাঁর মরদেহ নিয়ে ছেলে আবু তাহেরসহ পরিবারের আট সদস্য একটি অ্যাম্বুলেন্সে করে যশোরের উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে নড়াইল-ঢাকা মহাসড়কের সদর উপজেলার বাদশার গ্যারেজসংলগ্ন বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্সচালক আকবর হোসেন নিহত হন। এছাড়া আবু তাহেরসহ আরও পাঁচজন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্সটি জব্দ করে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঠক প্রবাহকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :