
নড়াইল প্রতিনিধি :
নড়াইল-২ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পোড়া বাড়ির সামনে দাড়িয়ে রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের করা আলোচিত সমালোচিত ভিডিও জন্য দুঃখ প্রকাশ করেছেন উষার আলো সূর্যসংঘ নামক সামাজিক সংগঠনের সভাপতি।
জানা গেছে, গত ৩০ মে ঊষার আলো সূর্যসংঘ নামক সামাজিক সংগঠনের একটি অনুষ্ঠানে নড়াইলে আসেন সালাউদ্দিন আম্মার। অনুষ্ঠান শেষে বিদায় নিয়ে চলে যাওয়ার পর পথিমধ্যে মাশরাফী বিন মোর্ত্তজার পোড়া বাড়ির সামনে একটি ভিডিও করে তা নিজ ফেসবুক পেইজে পোস্ট করেন আম্মার। পরে সেটি ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা পোস্ট করেন বিভিন্ন ব্যক্তিবর্গ ৷
এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করে ফেসবুকে পোস্ট করেন ঊষার আলো সূর্যসংঘের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলাম। সেখানে তিনি বলেন, “রাকসু জিএস আম্মারের নড়াইলের কিছু বন্ধু তার সাথে যোগাযোগ করে একটি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হওয়ার আমন্ত্রণ জানান। এতে আসতে আম্মার রাজি হন। তাদের তত্ত্বাবধানে আম্মার অনুষ্ঠানের দিন সকালে নড়াইলে আসেন। দুপুর দেড়টার দিকে তিনি অনুষ্ঠান শেষে আয়োজকদের থেকে বিদায় নিয়ে ফিরে যান। পরে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে কোথায় গিয়েছেন, কী করেছেন তার কিছুই আমরা জানিনা। ”
তিনি আরো বলেন,“ ব্যক্তিগতভাবে সালাউদ্দিন আম্মারের সাথে আমার পরিচয়ও নেই। অনেক পরে আমরা তার এ ভিডিও ফেসবুকের মাধ্যমে দেখতে পাই। যেহেতু ভিডিওটি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে, তাই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে বিষয়টি গণমাধ্যমে প্রচার করা দরকার “
মিনহাজুল ইসলাম বিবৃতিতে বলেন, ভিডিওটি নিয়ে সমালোচনা সৃষ্টি হলে অনেকের পরামর্শ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে- যাদের কথা রাকসু জিএস সালাউদ্দিন আম্মার রাখতে পারেন এবং যারা তাকে নড়াইলে আমন্ত্রণ জানান এমন কতিপয় রাবিয়ান-নড়াইলিয়ান বন্ধুদের মাধ্যমে আম্মারকে সমালোচিত ভিডিওটি ডিলিট করার জন্য নানাভাবে অনুরোধ করা হয়েছে। তবে তিনি ভিডিওটি ডিলিট করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি যে অনুষ্ঠানে গিয়েছিলেন, সে অনুষ্ঠানের আয়োজকদের ওপর দায় আসছে এমনটি জানানো হলে তিনি জানিয়েছেন, “আয়োজকরা বলে দিক এটি আম্মারের ব্যক্তিগত বিষয়। অনুষ্ঠান থেকে ফেরার পর তিনি কী করেছেন, সেটি একান্ত ব্যক্তিগত। এতে অন্য কারো দায় নেই।”
মিনহাজুল ইসলাম বিবৃতিতে বলেন, “সালাউদ্দিন আম্মারকে বোঝানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। পোড়া বাড়ির সামনে এভাবে ব্যাঙ্গাত্মক মন্তব্যে যারা আঘাত পেয়েছেন, তাদের নিকট উক্ত অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করছি। এছাড়া তো আপাতত করার কিছু নেই। পাশাপাশি কোনো অনুষ্ঠানে অতিথি নির্বাচনের ক্ষেত্রে আগামীতে আমরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :