ব্রেকিং নিউজ :

নড়াইলে ভোরের আলো ফুটতেই ঝরে গেলো বাবা-ছেলেসহ ৪টি প্রাণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৪:০৬ অপরাহ্ন | ১৪৪৯
নড়াইলে ভোরের আলো ফুটতেই ঝরে গেলো বাবা-ছেলেসহ ৪টি প্রাণ

নড়াইল অফিস:

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা-ছেলেসহ উভয় পক্ষের ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার।

নিহতরা হলেন সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখের সমর্থক বড়কুলা গ্রামের খলিল গ্রুপের খলিল শেখ তার ছেলে তাহাজ্জুদ হোসেন শেখ একই গ্রুপের ফেরদৌস হোসেন, সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের উসমান শেখের ছেলে ওসিকুর মিয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও সাবেক চেয়ারম্যান উজ্জল হোসেনের সমর্থক খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় খায়ের গ্রুপের লোকজন এসে খলিল গ্রুপের ওপর সেহরীর পরই অতর্কিত হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ হোসেন এবং ফেরদৌস হোসেন নিহত হন।

অপরদিকে, গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিকুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত খলিলের ছেলে গুরুতর আহত রুবেল ও ফেরদৌসের ছেলে মুন্নাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের পর খায়ের গ্রুপের লোকজন কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে একাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার জানিয়েছেন, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।