
পাঠক প্রবাহ ডেস্ক, ঢাকা:
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি সংগীত ব্যান্ড দলকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে। সকাল ১০টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প–সাহিত্যচর্চাকে রাজনীতিকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়। তিনি জ্ঞান–বিজ্ঞানের সব শাখায় দেশকে এগিয়ে নিতে নৈতিক মানসম্পন্ন উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদরা দায়িত্বে থাকলেও জ্ঞানী–গুণীজনেরা দিকনির্দেশনা দিয়ে থাকেন। সমাজে কৃতী মানুষের সংখ্যা যত বাড়বে, রাষ্ট্র তত বেশি সমৃদ্ধ ও আলোকিত হবে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো একুশে পদক প্রবর্তন করেন। তিনি বলেন, এ পদক ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের ঐতিহাসিক ঘটনাবলিকে স্মরণ করার পাশাপাশি গুণীজনদের অবদানকে জাতির সামনে তুলে ধরে।
এ বছর একুশে পদক পেয়েছেন—চলচ্চিত্রে: ফরিদা আক্তার ববিতা, চারুকলায়: অধ্যাপক মো. আবদুস সাত্তার, স্থাপত্যে: মেরিনা তাবাশ্যুম, সংগীতে (মরণোত্তর): আইয়ুব বাচ্চু, নাট্যকলায়: ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায়: শফিক রেহমান, শিক্ষায়: অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে: তেজস হালদার যশ, নৃত্যকলায়: অর্থী আহমেদ। এ ছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ সংগীত দল হিসেবে পুরস্কার পেয়েছে।
মরণোত্তর পুরস্কারপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তাঁর স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা পদক গ্রহণ করেন। ওয়ারফেজের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম পুরস্কার নেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও অবদান পাঠ করেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :