
ঢাকা অফিসঃ
প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েছে ঢাকার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় রাখা অ্যালবিনো বৈশিষ্ট্যের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। গরম থেকে স্বস্তি দিতে তার পাশে দুটি স্ট্যান্ড ফ্যানে রেখে বাতাস দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। এমনকি নিয়মিত পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখা হচ্ছে।
রোববার (৩১ মে) মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
ভাইরাল মহিষটি চিড়িয়াখানায় আনার পর ঈদুল আজহার দিন থেকে দর্শনার্থীদের ভিড় বেড়েছে। তাকে একনজর দেখতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা চিড়িয়াখানায় ভিড় করছেন।
আজ সকাল ১০টার পর থেকেই চিড়িয়াখানার টিকিট কাউন্টারে দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। টিকিট সংগ্রহ শেষে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ একে একে চিড়িয়াখানায় প্রবেশ করেন। অনেকে চিড়িয়াখানায় ঢোকার সময় জানতে চাইছেন ‘ডোনাল্ড ট্রাম্প মহিষের খাঁচা কোনদিকে?’ বা ‘কোন দিকে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প মহিষকে?’। চিড়িয়াখানায় দায়িত্বরত ব্যক্তিরা হাত দেখিয়ে জানিয়ে দিচ্ছিলেন খাঁচাটির অবস্থান।
দর্শনার্থীরা একে একে বানর, বাঘ, হাতি, জিরাফ, হরিণসহ অন্যান্য খাঁচার সামনে গেলেও মহিষটির খাঁচার সামনে ছিল বেশি ভিড়।
চিড়িয়াখানায় বাঘের খাঁচা পার হয়ে এল ০৭ নাম্বার খাঁচায় দেখা যায় মহিষটিকে। মহিষটিকে খাঁচার ভেতরে বিশ্রাম নিতে দেখা যায়। খাঁচার সামনে ছিল দর্শনার্থীদের ভিড়।
বিশাল খাঁচাটির মধ্যে ফাঁকা জায়গায় টিনের ছাউনির নিচে বসে ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। গলায় রশি বাঁধা। তার পাশে রাখা আছে দুটি স্ট্যান্ড ফ্যান ও একটি পানির ট্যাংকি।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খেয়ে থাকে। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন হলে তার খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হবে।
আপনার মতামত লিখুন :